শনিবার, ৬ নভেম্বর, ২০২১

ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকামের পন্ত চালু করতে যাচ্ছে মেটা

 ফেসবুক গ্রুপ থেকে অভিনব পদ্ধতিতে টাকা ইনকামের পান্তা চালু হতে যাচ্ছে, জানিয়েছেন মেটা;

ফেসবুক গ্রুপ থেকে অর্থ আয়ের সম্ভাব্য উপায়গুলো পরীক্ষা করে দেখছে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি।


সেটা হতে পারে বিশেষ কনটেন্টের জন্য গ্রুপের সদস্যদের কাছ থেকে নির্দিষ্ট হারে ফি গ্রহণ কিংবা গ্রুপের ভেতরে আলাদা গ্রুপ (সাব গ্রুপ) খুলে সদস্যদের আলোচনার সুযোগ করে দেওয়া।

গত বৃহস্পতিবার ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, সাবস্ক্রিপশন-নির্ভর ব্যবসায়িক মডেলের (অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা প্রদান) অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে সুবিধাগুলো চালু হতে পারে। ফেসবুকসহ অনেক সামাজিক যোগাযোগমাধ্যমই কনটেন্ট নির্মাতাদের বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিএনজিচালিত বাস বন্ধ হল কেন প্রশ্ন তুলছেন যাত্রীরা

  ডিজেলের দাম বৃদ্ধির কারণে বন্ধ হয়ে গেছে বাস তবে সিএনজিচালিত বাস কেন বন্ধ হল তা যাত্রীরা জানতে চান;

বেসরকারি অফিসের কর্মীদের শনিবার অতিরিক্ত অর্থ ব্যয় করে অফিস ধরতে হয়েছে। পরীক্ষার্থীদেরও পড়তে হয়েছে দুর্ভোগে।


ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে শুক্রবার থেকে এই ধর্মঘট ডেকেছে বাস-ট্রাক মালিক সমিতির নেতারা।

পরিবহনহ ভাড়া বাড়ানোর বিষয়ে রোববার বিআরটিএ সভা ডেকেছে। সেই পর্যন্ত বাস-ট্রাক না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।

সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে। কিন্তু এই দফায় অন্য কোনো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি।

ঢাকার বেসরকারি কোম্পানিগুলোর অনেক বাস সিএনজিতে চললেও সেগুলোও সড়কে দেখা যাচ্ছে না।

মহাখালীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আব্দুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখান থেকে আলিফ পরিবহন ছাড়ে। প্রতিদিনি তাতেই যাতায়াত করি। কিন্তু সিএনজিচালিত এই বাসও বন্ধ।

“সিএনজির দাম তো বাড়ায়নি। আমাদের জিম্মি করে ভাড়া বেশি নিতেই এই ধর্মঘট। সরকারও কিছু করছে না।”

অফিসগামী কিংবা জরুরি প্রয়োজনে যারা বেরিয়েছেন, তাদের মোটরসাইকেল, অটোরিকশা কিংবা রিকশায় বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে, গুণতে হচ্ছে বেশি ভাড়া। অনেকে হেঁটেও পথ ধরেন।

আফগানিস্তানের মন্ত্রিসভায় পরিবর্তন আনতে যাচ্ছে তালেবান

 আফগানিস্তানের মন্ত্রিসভায় পরিবর্তন আনতে যাচ্ছে তালেবান;

আজকের তাজা খবর ডেস্ক: আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ দেশটির মন্ত্রিসভায় পরিবর্তন আনতে যাচ্ছে। শুক্রবার তালেবান কর্তৃপক্ষের সহকারী মুখপাত্র বিলাল করিমি গণমাধ্যমকে এসব তথ্য জানান।


বিলাল করিমি বলেন, আফগান মন্ত্রিসভায় পেশাদার কর্মকর্তাদের নিয়োগের প্রচেষ্টা চলছে। মন্ত্রিসভায় নিয়োগের প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আসা দক্ষ ও পেশাদার লোকদের এ মন্ত্রিসভায় নিয়োগের মাধ্যমে এ নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

এদিকে আফগান জনগণ জোর দিচ্ছে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠনের ওপর। এ নতুন সেনাবাহিনীতে সাবেক আফগান সদস্যদেরও নিয়োগ দেয়ার আহ্বান জানানো হচ্ছে।

এ বিষয়ে কাবুলের এক বাসিন্দা মাসবাহ জালান্ড বলেন, যে সকল সেনা দেশের জন্য কাজ করেছে এবং বিশ্বাসঘাতকতা করবে না, তাদেরকে ফিরিয়ে আনা উচিৎ। ওই আফগান সেনা সদস্যদের জাতীয় নিরাপত্তা বাহিনীতে যোগ দেয়ার সুযোগ দিতে হবে।

আন্তর্জাতিক সম্প্রদায় এখনো তালেবানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক সরকারগুলো এখনো তালেবান কর্তৃপক্ষের কর্মকর্তাদের বারবার আহ্বান জানাচ্ছে যেন তারা আফগানিস্তানে একটি সমন্বিত সরকার গঠন করে এবং মানবাধিকার রক্ষা করে।

কভার্ডভ্যান এর পরে এবার লঞ্চ মালিকদের ধর্মঘটের ডাক

 কভার্ডভ্যান এর পরে এবার লঞ্চ মালিকদের ধর্মঘটের ডাক;

আজকের তাজা খবর ডেস্ক: ডিজেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর প্রস্তাবের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত না নেওয়ায় লঞ্চ না চালানোর ঘোষণা দিয়েছেন মালিকরা।


শনিবার (৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বাদল বলেন, ‘আমরা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিলাম। সরকার এতে সাড়া দেয়নি। কথা ছিল দুপুরের মধ্যে আমাদের ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু সেটা হয়নি। মালিকরা বলছেন, লস দিয়ে তারা আর লঞ্চ চালাবেন না। সদরঘাটের টার্মিনাল থেকে সব লঞ্চ সরিয়ে নেওয়া হচ্ছে।’

গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে ডিজেল-কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে জনজীবনে ব্যাপক নেতিবাচক প্রভাবের আশঙ্কায় এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার থেকে বাস চালানো বন্ধ রেখেছেন মালিকরা। লঞ্চ মালিকরা ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছিলেন সরকারের কাছে।

বদিউজ্জামান বাদল আরও বলেন, মালিকরা বলছেন, আমাদের কাছে টাকা নেই, তেল কিনতে পারবো না। তাই জাহাজ চালাবো না। তেলের দাম বাড়ানোর পর প্রত্যেক ট্রিপে এক লাখ, দেড় লাখ, দুই লাখ টাকা লস। আমাদের সাহায্য করেন। আমরা বলেছি, সাহায্য তো আমরা করতে পারবো না। তারা বলছেন, তাহলে তো আমরা লঞ্চ চালাবো না।’

এর আগে ৫ নভেম্বর (শুক্রবার) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা থেকে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের কাছে লঞ্চ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব পাঠানো হয়।

প্রস্তাবে প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বাড়ানোর পেক্ষাপটে লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৮০ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছেন মালিকরা।

শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার দুই দিন পর লাশ উদ্ধার

  বিএসএফের গুলিতে সিলেটের কানাইঘাট সীমান্তে দুই বাংলাদেশি নিহত হওয়ার 2 দিন পর লাশ উদ্ধার;

আজকের তাজা খবর ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে থানা পুলিশের কাছে লাশ দুইটি হস্তান্তর করা হয়েছে।


শুক্রবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির একটি দল কানাইঘাট থানা পুলিশের কাছে লাশ দুটি হস্তান্তর করে।

পুলিশ নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর তাদের লাশের ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই বাংলাদেশির লাশ সীমান্ত রেখায় নোম্যান্সল্যান্ডে পড়েছিল। শুক্রবার বিজিবি লাশ দুটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বুধবার (৩ নভেম্বর) সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তের ১৩৩১ পিলার সংলগ্ন এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হন।

নিহতরা হলেন-কানাইঘাট সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসকর উদ্দিন (২৫) এবং একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আরিফ উদ্দিন (২২)।

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ভিপি নুর বললেন এভাবে দেশ চলতে পারে না

 ক্রমাগত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ভিপি নুর বললেন এভাবে দেশ চলতে পারে না;

আজকের তাজা খবর ডেস্ক: গত ৬ মাসে দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তা গত ৫০ বছরে বাড়েনি। এভাবে দেশ চলতে পারে না। এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে জনজীবন বিপর্যস্ত। তার উপরে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মানুষের উপর আরো খড়গ নেমে আসবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুলহক নুর।


আজ শুক্রবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সারা দেশে গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুলহক নুর।

এসময় জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন মালিক-শ্রমিকদের কর্মসূচিতে একাত্মতা পোষণ করে নুর বলেন, জনগণের প্রতি জনবিচ্ছিন্ন সরকারের দায়বদ্ধতা নেই বলেই এভাবে ২/৩ টাকা নয়। হঠাৎ করে তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে দিয়েছে।

এ সময় ড. রেজা কিবরিয়া বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম শুরু করেছি। স্বাধীনতার ৫০ বছরেও জনগণ তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই দল। জনগণের দৈনন্দিন জীবন যাতে আরও সহজ, নিরাপদ এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়, এ জন্য আমরা কাজ করব।

মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা হতে যাচ্ছে বাংলাদেশের রাজশাহীতে

  মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা হতে যাচ্ছে বাংলাদেশের রাজশাহীতে;

আজকের তাজা খবর ডেস্ক: মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের একটি শাখা হতে যাচ্ছে বাংলাদেশের রাজশাহীতে। আল-আজহারের একটি প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।


এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাত করেছেন ঢাকাস্থ মিসর দূতাবাসের ডেপুটি মরিয়ম এম রাগেই।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সাক্ষাতকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র লিটন। পরে রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা ক্যাম্পাসে মিসরের আল-আজহারের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে আলোচনা করেন তারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়টি ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। বাংলাদেশে রাজশাহীর দারুস সালাম কামিল মাদরাসার ক্যাম্পাসে শাখাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এখানে আল-আজহার বিশ্ববিদ্যালয় ও দারুস সালাম কামিল মাদরাসার সমন্বয়ে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হবে।

রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাত করেন ঢাকাস্থ মিসর দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই।

সাক্ষাতকালে মেয়র লিটন বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ শিক্ষানগরী রাজশাহীতে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক শাখা চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষানগরী রাজশাহীর জন্য এটি হবে অনন্য একটি সংযোজন। এ ব্যাপারে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

আলোচনাকালে রাজশাহীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নের ভূয়সী প্রশংসা করেন মিসরীয় দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই।

অতিথির সাক্ষাতকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো: মশিউর রহমান, দারুস সালাম কামিল মাদরাসার অধ্যক্ষ এএইচএম শহীদুল ইসলাম, সহ-সভাপতি শিরাজী শওকত সালেহীন এলেন, উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গনী প্রমুখ উপস্থিত ছিলেন।